উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বার্ন ইনিস্টিটিউটে রোগীদের ভিড়, খোলা হয়েছে জরুরি সেবা

বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি ভবন পুরোপুরি ভেঙে গেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নয়া দিগন্ত অনলাইন
দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা
দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা |সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের ভিড় বাড়ছে। এ ঘটনায় হাসপাতালটিতে জরুরি সেবা খোলা হয়েছে।

বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি ভবন পুরোপুরি ভেঙে গেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আন্তঃবাহিনীর জনসংযোগ দফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

এখন পর্যন্ত অর্ধশতাধিক আহতকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছেন। তবে আহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

বার্ন ইনস্টিটিউটে ইফতিসার হোসেন ইফতি নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমার ভাই অষ্টম শ্রেণিতে পড়ে। তাদের স্কুল ছুটি দেয়ার পর আমার ভাইয়ের একেবারেই সামনে বিমানটি বিধ্বস্ত হয়। আমার ভাই সুস্থ আছে। কিন্তু তার বন্ধু আগুনে পুরোপুরি পুড়ে গেছে। এমন হতাহতের সংখ্যা বহু।’

এক শিক্ষার্থীর মা বলেন, ‘আমি কথা বলার অবস্থায় নেই। আমার ছেলে এখনো ক্যাম্পাসের ভেতরে আছে। সেই এই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আমি জানি না, সে কেমন আছে এখন।’

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, বার্ন ইনস্টিটিউটে একের পর অ্যাম্বুলেন্স প্রবেশ করছে। জরুরি বিভাগে রোগীর স্বজনদের ভিড়। তাদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে গেছে।’

এ বিষয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. অভিজিত বলেন, উত্তরার এই ঘটনায় আহতদের চিকিৎসায় সাভাবিক চিকিৎসার পাশাপাশি ওই হাসপতালে জরুরি সেবা খোলা হয়েছে।

তিনি আরোবলেন, ‘এখন পর্যন্ত পঞ্চাশের বেশি রোগী ভর্তি হয়েছেন। এই সংখ্যা প্রতিক্ষণেই বাড়ছে।’

উত্তরা আধুনিক মেডিক্যাল হাসপাতালের এক নার্স বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হচ্ছে। আমরা ইতোমধ্যে ৬০ জনের বেশি আহত রোগী পেয়েছি।’

সূত্র : ইউএনবি