রাজধানীর যাত্রাবাড়ীর আসমা আলী পাম্পের সামনে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোররাত রাত সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ২৫ বছর।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইরফান বলেন, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর আসমা আলী পাম্পে সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমরা আশপাশের লোকের মাধ্যমে জানতে পারি যে রাত আড়াইটার দিকে আসমা আলী পাম্পের সামনে দিয়ে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক।
এসআই ইরফান জানান, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। তার পরনে চেক শার্ট ও প্যান্ট ছিল। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



