রাজধানীর বংশালে নাজিরা বাজার চৌরাস্তা নার্স কমপ্লেক্সে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নাঈম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
মোহাম্মদ নাঈমের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার সরিষা বাজার এলাকার হেজমত আলীর ছেলে। রাজধানীতে নাজিরা বাজার নার্স কমপ্লেক্সের সপ্তম তলায় বসবাস করে দর্জির কাজ করতেন তিনি।
পুলিশ ও নাঈমকে হাসপাতালে নিয়ে আসা রাকিব মিয়া জানান, নাঈম কমপ্লেক্সের সপ্তম তলায় কাজের সময় বৈদ্যুতিক শট-সার্কিটে স্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসকমৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।



