বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় হুমায়ুন কবির সাগর নামে এক পৌর কাউন্সিলর নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী সোহেল গুরুতর আহত হন।
রোববার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার রায়াপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
স্থানীয়রা জানায়, কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। সোহেল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মহাসড়কের রায়াপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাগর নামে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সোহেল গুরুতর আহত হন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



