রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা আব্দুল করিম বলেন, রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তি এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে। নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তা তার নাম পরিচয় শনাক্ত করা যাবে। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



