রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আকাশ পরিবহনের বাসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) এবং মো: রবিউল (২২)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, তারা কুর্মিটোলা ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভাটারা থানার উপ-পরিদর্শক নেসার উদ্দিন জানান, নতুন বাজার এলাকায় সড়কের ভিড়ের মধ্যে ইসলাম পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডিভাইডারের ওপর উঠে যায় এবং বিপরীত লেনের গুলিস্তানগামী আকাশ পরিবহনের বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান, পরে হাসপাতালে আরো তিনজনের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ঈদে ঘরমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাসগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তবে ইসলাম পরিবহনের বাসের চালক ও হেল্পার পালিয়ে যায়, তাদের খোঁজে অভিযান চলছে।



