কিশোরগঞ্জ সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালকসহ উভয় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে চৌদ্দশত নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে করিমগঞ্জগামী আছিম পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে আসছিল। বাসটি সদর উপজেলার নান্দলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নেত্রকোনার চট্টগ্রামগামী মিনহাজ পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে উভয় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করেন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দু‘জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে আছিম পরিবহনের চালক ঘটনার পরপরই পালিয়ে যান। আহতদের অনেকেই কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও অনেকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন।
দুর্ঘটনার পর বাস দু’টি সড়কের ওপর আটকে পড়ায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ‘রেকার’ দিয়ে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে দিলে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শরিফুল হক জানান, পুলিশ আহতদের উদ্ধার করেছে। গুরুতর আহত দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



