দেবীগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত, শিশুসহ আহত ৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টর ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আলামিন ইসলাম (৭) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরো ছয়জন আহত হয়েছেন।

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়)

Location :

Debiganj
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টর ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আলামিন ইসলাম (৭) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরো ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দেবীগঞ্জ পৌর শহরের পায়রা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের নূরুরবাজার শিকদারপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং স্থানীয় মল্লিকাদহ মনিরপাড়া দারুল উলুম সাত্তারিয়া হাফেজিয়া মাদরাসার নুরানী বিভাগের ছাত্র ছিল। আহতরা হলেন জুলেখা বেগম (৪০), সাজেদা বেগম (৩৫), শিশু সুজাব আলী (১০) ও আরাফাত (৫), ইজিবাইকের চালক তারা মিয়া (৪৫) এবং নিহত আলামিনের মা আছমা বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলামিন তার মা ও স্বজনদের সাথে পার্শ্ববর্তী বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত শেষে ব্যাটারিচালিত ইজিবাইকে করে বাড়ি ফিরছিল। পথে পায়রা চত্বর এলাকায় পৌঁছালে সোনাহার থেকে দেবীগঞ্জগামী একটি ট্রাক্টরের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ সাতজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলামিনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুরে রেফার করা হয়েছে। বাকি তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: গোপাল চন্দ্র রায় জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম মালিক বলেন, ‘প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টর ও ইজিবাইক পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’