উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : ৮ জনের লাশ হস্তান্তর

দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো: তৌকির ইসলামও প্রাণ হারিয়েছেন। তার লাশ মর্গে রাখা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। আহত ১০৪ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাত দেড়টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, শনাক্তকৃত আটটি লাশ ইতোমধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাদের পরিচয় হলো- ফাতেমা আক্তার (৯), বাগেরহাট; সামিউল করিম (৯), বরিশাল; রজনী ইসলাম (৩৭), কুষ্টিয়া; মেহনাজ আফরিন হুরায়রা (৯), টাঙ্গাইল; শারিয়া আক্তার (১৩), ঢাকা; নুসরাত জাহান আনিকা (১০), ঢাকা; সাদ সালাউদ্দিন (৯), মিরপুর, ঢাকা এবং সায়মা আক্তার (৯), গাজীপুর।

আইএসপিআর আরো জানায়, দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো: তৌকির ইসলামও প্রাণ হারিয়েছেন। তার লাশ মর্গে রাখা হয়েছে।

আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ১ জন; জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৫ জন; ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন; সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৭ জন; উত্তরার লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১০ জন; উত্তরা আধুনিক হাসপাতালে ১৬ জন; উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন এবং শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছে।