ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় হেলপার ইসমাইল হোসেনের (১৮) নিহত হয়েছেন। এতে কিছুটা সময় ঢাকা-বরিশাল মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন নোয়াখালী জেলার চর জব্বার থানার সূর্বণচর এলাকার ট্রাকচালক রাসেল হোসেনের ছেলে।
জানা গেছে, শনিবার রাতে লাকড়িবোঝাই একটি ট্রাক চাকা খুলে যাওয়ায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রোববার সকাল সাড়ে ৫টার দিকে আরেকটি ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে অবস্থান নেয়া ট্রাকের চালকের ছেলে ইসমাইল হোসেনের (১৮) ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং চালক রাসেল হোসেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অপর ট্রাকের চালক মো: সোহেক কবিরও (৩৭) আহত হয়েছেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: আমিনুল ইসলাম জানান, ট্রাক দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন।



