রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

বেলী বেগম ফুটপাতে পানি বিক্রয় করতেন।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের উত্তর বেগুনবাড়ি এলাকায় রাস্তা পার হতে যেয়ে মোটরসাইকেলের ধাক্কায় বেলী বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) রাতে ওই এলাকার রানা দশতলা বউ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বেলী বেগম ফুটপাতে পানি বিক্রয় করতেন।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সেলিনা আক্তার জানান, সন্ধ্যায় ওই এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমরা নিহতের নাম ছাড়া ও পানি ব্যবসা ছাড়া কিছুই বলতে পারব না।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।