রাজধানীর লালবাগে ৩ নম্বর জগন্নাথ শাহ লেনের একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মোহাম্মদ সোলেমান (২৫) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ সোলেমান একটি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন ও পাশাপাশি রেস্টুরেন্টে চাকরি করতেন। তিনি লালবাগ এলাকার নাজমি শাহাদাতের ছেলে।
তৃতীয় তলা ওই ভবনের মালিক মোহাম্মদ মাইনুদ্দিন জানান, সোলেমান তার ছেলের শৈশবের বন্ধু এবং একসাথে পড়াশোনা করতেন। ওইদিন রাতে রেস্টুরেন্টের কাজ শেষে সোলেমান তাদের বাসায় যান। পরে তার ছেলে ও সোলেমান ছাদে গিয়ে গল্প করছিলেন। একপর্যায়ে সোলেমান শরীর খারাপ লাগার কথা বলে নিচে যাওয়ার কথা জানান। কয়েক মিনিট পর ছাদের পেছনের রেলিংয়ের পাশ থেকে তিনি নিচে পড়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে বলেও তিনি জানান।



