রাজবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত

মহাসড়কে ওঠার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালকসহ সব যাত্রী আহত হন, তবে গুরুতর আহত হন সলিম শিকদার।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
দুর্ঘটনাকবলিত ভ্যান
দুর্ঘটনাকবলিত ভ্যান |নয়া দিগন্ত

রাজবাড়ীর কালুখালীতে প্রাইভেটকারের ধাক্কায় মো: সলিম শিকদার (৩৫) নামে এক ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরো দুই যাত্রী আহত হন।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সলিম শিকদার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের মরহুম মদিক শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাইখোলা থেকে ভ্যানচালক রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে ওঠার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালকসহ সব যাত্রী আহত হন, তবে গুরুতর আহত হন সলিম শিকদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আজাদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।’

পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো: শামিম হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনার কথা আমি শুনেছি। তবে লাশটি রাজবাড়ী হাসপাতালে আছে।’