রাজধানীর উত্তরা পশ্চিম থানার মিনলাইন চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় গ্যাসের লিকেস থেকে সাতজন রেস্টুরেন্ট কর্মচারী দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উত্তরা ২ নম্বর রোডের ৩ নম্বর সেক্টরের মিনলাইন চাইনিজ রেস্টুরেন্টে দ্বিতীয় তলায় স্টাফদের রুমের পাশের রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
রেস্টুরেন্ট কর্মচারীরা হলেন– সুজাত (২৯), মিলন (৫২), মেজবা (৪৫), আসিফ (২৮), সজিব (২৬), রুবেল (৩৫) ও শরীফ (২০)।
পরে তাদের সাতজনকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিক্যালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তাদেরকে নিয়ে আসা দগ্ধ আসিফের বোন সালেহা আক্তার জানান, আমার ভাইসহ তার সহকর্মী উত্তরায় চাইনিজ রেস্টুরেন্টে কাজ করত। ওই রেস্টুরেন্ট নিজেদের রাতের খাবার রান্নাঘরে রান্না করতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা: শাওন বিন রহমান জানান, সন্ধ্যার দিকে উত্তরা থেকে সাতজনকে দগ্ধ আমাদের এখানে আনা হয়েছে, তারা জরুরি বিভাগের ডেসিং এর কাজ চলছে। এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না, দগ্ধদের সবাইকেই জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।



