রাজধানীতে ৪তলা থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

ইস্কাটন রোডের একটি বাসার চার তলায় এসির কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যান ইয়ামীন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি

রাজধানীর রমনার ইস্কাটন রোডের একটি ভবনে এসির মেরামতের কাজ করার সময় চার তলা থেকে পড়ে মোহাম্মদ ইয়ামীন (২০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দুপুর সাড়ে ১২টার দিকে নিয়ে এলে ওয়ান স্টপ ইমারর্জেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী জামাল জানান, তারা পেশায় এসি মেরামতের কাজ করেন। সকালের দিকে ইস্কাটন রোডের একটি বাসার চার তলায় এসির কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যান ইয়ামীন। পরে তারা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইয়ামীনের।

তিনি আরো জানান, নিহত ইয়ামীন ভোলা জেলার লালমোহন থানার দক্ষিণ ফরজগঞ্জ মৃত কাশেম হাওলাদারের ছেলে। বর্তমানে রমনা ইস্কাটন এলাকায় থাকতেন। নিহত দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।