চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

নিহত কিশোর তুরাগ কমিউটার ট্রেনের দুই বগির মাঝে বসে আসার পথে ট্রেন থেকে নিচে পড়ে যায়।

নিজস্ব প্রতিবেদক
ট্রেন থেকে পড়ে মৃত্যু
ট্রেন থেকে পড়ে মৃত্যু |ইন্টারনেট

রাজধানীর বনানী রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ১৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি আর নীল রঙের জিন্স প্যান্ট।

আজ রোববার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আলী জানান, আমরা খবর পেয়ে বনানী রেলগেট সংলগ্ন মধ্যবর্তী এলাকার রেললাইন থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের লাশ উদ্ধার করি। শনিবার দিবাগত রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি, নিহত ওই কিশোর তুরাগ কমিউটার ট্রেনের দুই বগির মাঝে বসে আসার পথে ট্রেন থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি। নিহত ওই কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি আর নীল রঙের জিন্স প্যান্ট।