কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বিরোধীদলীয় নেতার শোক

‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠার কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান |ফাইল ছবি

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

শনিবার এক শোক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, ‘এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজনের শোক কখনোই পূরণ হওয়ার নয়। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

জামায়াত আমির বলেন, ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠার কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও যথাযথ তদারকির অভাবের কারণেই এ ধরনের প্রাণহানি ঘটছে।’

তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একইসাথে আহতদের সর্বোচ্চ চিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শিল্পকারখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

উল্লেখ্য, শনিবার দুপুর ১টার দিকে ওই কারখানাটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় বেলা আড়াইটার দিকে গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় ছয়জনের লাশ উদ্ধার করা হয় এবং দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।

সূত্র : বাসস