যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় বাবু সরদার (৮০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চৌগাছা-ঝিকরগাছা সড়কের উজিরপুর জামতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত বাবু সরদার উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথ পুর কালকেপুর গ্রামের মরহুম হাবু সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু সরদার ঘটনার দিন দুপুরে বাইসাইকেল চড়ে পাশাপোল বাজার থেকে গ্রামের বাড়ি রঘুনাথপুর যাচ্ছিলেন। চৌগাছা-ঝিকরগাছা সড়কের উজিরপুর জামতলা মোড়ে পৌঁছালে একই দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। ট্রাকটি দ্রুতগতিতে ঝিকরগাছার দিকে পালিয়ে যায়। স্থানীয়রা বাবু সরদারকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: রেজাউল করিম প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


