ঢাকা কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় পাইপলাইনে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মোহাম্মদ রাকিব (১৪), রাজন (২৫) ও মোহাম্মদ সুমন (২৭)।
আজ শনিবার ভোর ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধদের সাথে থাকা সহকর্মী মোহাম্মদ সজীব জানান, শুক্রবার রাতে বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাস লাইনের কাজ করছিলেন তারা। কাজের একপর্যায়ে পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণ ঘটলে তিন শ্রমিক দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। দু'জনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের শরীরে ড্রেসিং চলমান থাকায় এই মুহূর্তে দগ্ধের পরিমাণ বলা সম্ভব নয়। তিনজনই বর্তমানে আশঙ্কামুক্ত।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের কাছ থেকে জানা গেছে গ্যাস লাইনের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
কেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, ৩ শ্রমিক দগ্ধ
দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।



