রাজধানীর নর্দায় বাসের ধাক্কায় আরেক বাসের যাত্রী নিহত

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
রাজধানীর নর্দায় উল্টে পড়া বাস
রাজধানীর নর্দায় উল্টে পড়া বাস |সংগৃহীত

রাজধানীর নর্দা এলাকায় একটি বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নর্দা এলাকায় আকাশ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটের ইসলাম পরিবহনের একটি বাস। ধাক্কার পর ইসলাম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উল্টে যায়। এতে আকাশ পরিবহনের বাসটির পেছনের ডান পাশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় আকাশ পরিবহনের এক যাত্রী নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন।

খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বারিধারা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।