কবি, লেখক ও সাংবাদিক বিল্লাল বিন কাশেম সোহেল পুনরায় ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
২০১২ সাল থেকে ইসলামিক ফাউন্ডেশনে যুক্ত হয়ে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। জনসংযোগ প্রধান হিসেবে তার দায়িত্বের মধ্যে থাকবে প্রতিষ্ঠানের কার্যক্রম জনসাধারণের কাছে তুলে ধরা, বিভিন্ন কর্মসূচির প্রচার এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার করা।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও বহুমাত্রিক দক্ষতার কারণে তার এ দায়িত্ব গ্রহণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একজন সাহিত্যিক ও অভিজ্ঞ গণমাধ্যমকর্মী হিসেবে তার সম্পৃক্ততা প্রতিষ্ঠানের কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
২০০২ সালে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও ইলেকট্রনিক গণমাধ্যমে কাজ করে অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে সুনাম অর্জন করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও সৃজনশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটির তথ্যপ্রবাহ, জনসম্পৃক্ততা ও ভাবমূর্তি আরও শক্তিশালী হবে। পাশাপাশি সাহিত্য অঙ্গনেও তার সক্রিয়তা অব্যাহত থাকবে বলে জানা গেছে। বিজ্ঞপ্তি



