অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে কালো পানিতে আফ্রিকান মাগুর মাছ চাষের বিরূদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি পুকুর থেকে ১২০ মণ নিষিদ্ধ আফ্রিক মাগুর মাছ জব্দ করা হয়েছে।
রোববার (১০ মে) গাজীপুর মহানগরের গাছা থানাধীন উত্তর খাইলকৈরস্থ মোক্তার বাড়ি রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চলাকালীন দেখা যায় কয়েকটি মাজা পুকুরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে কালো পানিতে আফ্রিকান মাগুর মাছ চাষ করা হচ্ছে। মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির দেহাংশ, নাড়ি-ভূড়ি দেয়া হয়েছে। এ সময় বিভিন্ন পুকুর হতে আনুমানিক ১২০ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। দুষিত পানির তীব্র দুর্গন্ধে আশেপাশের মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।
অভিযান চলাকালে কবির হোসেন নামে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
একজন অভিযোগকারী জানান, মজা পুকুরের তীব্র দুর্গন্ধের কারণে আশেপাশের বাসিন্দাদের শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।
মোবাইল কোর্ট চলাকালে গাজীপুর সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সামা, গাজীপুরের প্রসিকিউটর উপস্থিত ছিলেন। পরে বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে।



