প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স

নয়া দিগন্ত অনলাইন

দেশের শীর্ষস্থানীয় মূলধারার গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের নিয়ে গঠিত পেশাজীবী সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে। এর মাধ্যমে ডিজিটাল সাংবাদিকতায় যুক্ত পেশাজীবীদের সংগঠনটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেল।

রোববার (১৩ সেপ্টেম্বর) রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর আওতায় সংগঠনটির নিবন্ধন অনুমোদন করে। সংগঠনটির নিবন্ধন নম্বর এস-১৫৩৪৩/২০২৬।

আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে ‘অনলাইন এডিটরস সোসাইটি’ নামে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। তবে অনুমোদিত নথিতে থাকা বিশেষ বিধান অনুযায়ী সংগঠনটি তার পূর্বনির্ধারিত ও পরিচিত নাম ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ নামেই কার্যক্রম পরিচালনা করবে।

সংশ্লিষ্টরা বলছেন, নিবন্ধনের মাধ্যমে দেশের ডিজিটাল গণমাধ্যমের পেশাজীবীদের জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম আরও শক্তিশালী হলো। পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং সাইবার সাংবাদিকতার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনটি এখন আরো সংগঠিতভাবে কাজ করতে পারবে।

নিবন্ধনের প্রতিক্রিয়ায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ বলেন, ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্সের এই নিবন্ধন আমাদের পেশাজীবী সংগঠনের প্রাতিষ্ঠানিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত অধিকার ও মর্যাদা সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।’

সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, ‘এই নিবন্ধনের মাধ্যমে অনলাইন এডিটরস অ্যালায়েন্স আরো সুসংগঠিত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সুযোগ পেল। দেশের ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাজীবীদের স্বার্থে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে-এটাই আমাদের প্রত্যাশা।’