সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ সিজন-২’-এর বর্ণাঢ্য উদ্বোধন

‘সংসদ থেকে শুরু করে রাজপথ এবং সাংস্কৃতিক অঙ্গন—সর্বত্রই ফ্যাসিবাদের সব অবশেষ দূর করতে হবে। গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন সুস্থ সংস্কৃতিচর্চাকে ছড়িয়ে দিতে বিজয়ের চেতনাকে ধারণ করে সবাইকে একসাথে কাজ করতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
​সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘শিশুদের চোখে জুলাই’ শিরোনামে ‘জুলাই জাগরণ সিজন-২’-এর বর্ণাঢ্য উদ্বোধন
​সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘শিশুদের চোখে জুলাই’ শিরোনামে ‘জুলাই জাগরণ সিজন-২’-এর বর্ণাঢ্য উদ্বোধন |নয়া দিগন্ত

‘শিশুদের চোখে জুলাই’ শিরোনামে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ সিজন-২’-এর প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শিশু শিল্পীদের কোরআন তিলাওয়াত, জুলাইয়ের গান ও আবৃত্তির মধ্য দিয়ে এ আয়োজনের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ আনাসের গর্বিত মা। উদ্বোধনী বক্তব্যে তিনি শহীদ আনাসসহ সকল শহীদের স্মৃতি স্মরণ করে বলেন, ‘আমাদের সন্তানেরা যে নতুন ও বৈষম্যহীন দেশের স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছে, তরুণ প্রজন্মকে সেই চেতনা ধরে রেখে আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হবে।’

সাইমুম শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান নূরুল ইসলাম সাদ্দাম তার বক্তব্যে বলেন, ‘সাইমুম শিল্পীগোষ্ঠী সব সময় সুস্থ, নৈতিক ও সত্যের পক্ষে অপসংস্কৃতির বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে। জুলাইয়ের গণজাগরণ আমাদের নতুন করে আলোর পথ দেখিয়েছে। আমাদের শিশু-কিশোর ও তরুণদের হাত ধরেই আগামীর সুস্থ ধারার সাংস্কৃতিক বিপ্লব বাস্তবায়িত হবে।’

সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল (চাঁপাইনবাবগঞ্জ-৩) তার বক্তব্যে বলেন, ‘সংসদ থেকে শুরু করে রাজপথ এবং সাংস্কৃতিক অঙ্গন—সর্বত্রই ফ্যাসিবাদের সব অবশেষ দূর করতে হবে। গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন সুস্থ সংস্কৃতিচর্চাকে ছড়িয়ে দিতে বিজয়ের চেতনাকে ধারণ করে সবাইকে একসাথে কাজ করতে হবে।’

সাইমুম শিল্পীগোষ্ঠীর ভাইস চেয়ারম্যান সিবাগাতুল্লাহ সিবগা জুলাই গণআন্দোলনে শিশুদের অসামান্য অবদানের কথা তুলে ধরে বলেন, জুলাই গণআন্দোলনে ১৩৩ জন শিশু শহীদ হয়েছে।