স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে খামারে ফিরল আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

গোলাপী রঙের অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখের গঠন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় খামার মালিকের পরিবারের সদস্যরা এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

কোরবানির হাটে ব্যাপক আলোচনার জন্ম দেয়া অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারো খামারে ফিরেছে। জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের একটি খামারে জন্ম নেয়া বিরল প্রজাতির এ মহিষটিকে দেখতে বিপুল মানুষের ভিড় জমে। বিক্রির পর নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিলে বিষয়টিতে হস্তক্ষেপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ক্রেতাকে পরিশোধিত অর্থ ফেরত দিয়ে মহিষটি পুনরায় খামার মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, জননিরাপত্তা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপাতত মহিষটি আগের খামারেই লালন-পালন করা হবে।

গোলাপী রঙের অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখের গঠন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় খামার মালিকের পরিবারের সদস্যরা এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির ৫৫০ টাকা কেজি দরে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনেছিলেন।

এর আগে সোমবার (২৫ মে) বিকেলে মহিষটি নিতে এলে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে তাকে ঘিরে আয়োজন করা হয় ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান। রাজকীয় পোশাক পরিয়ে, রঙিন স্মোক ও লাল গালিচার মধ্য দিয়ে মহিষটিকে বিদায় জানানো হয়। এ সময় খামারের মালিকপক্ষ ও স্থানীয়রা আবেগাপ্লুত হয়ে পড়েন।

অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সাথে আসা বন্ধু-স্বজনরা।

বিরল এই অ্যালবিনো মহিষটি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। রয়টার্স, দ্য টেলিগ্রাফ, দ্য মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস ও গালফ নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।‘