নতুন দিনের অঙ্গীকারের মধ্য দিয়ে স্কাউটস দিবস উদযাপন

দিবসের সূচনায় সকাল ৮টায় রাজধানীর কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের সদর দপ্তর প্রাঙ্গণে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
রাজধানীর কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের সদর দপ্তর প্রাঙ্গণে স্কাউটস দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়
রাজধানীর কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের সদর দপ্তর প্রাঙ্গণে স্কাউটস দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয় |সংগৃহীত

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”—এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার ( ৮ এপ্রিল) দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬।

দিবসের সূচনায় সকাল ৮টায় রাজধানীর কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের সদর দপ্তর প্রাঙ্গণে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। স্কাউট পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) এবং শিক্ষামন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহামুদ সোহেল।

পতাকা উত্তোলনের পর বেলুন ও কবুতর অবমুক্ত করে প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক।

Rover-1

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই। স্কাউটিং তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক, সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলে। সরকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ে স্কাউটিং কার্যক্রম বিস্তারে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্কাউটিংয়ের মতো সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে।

বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভবৃন্দ, ইউনিট লিডার এবং বিভিন্ন ইউনিটের কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটরা।

দিবসটি উপলক্ষে জাতীয় স্কাউট ভবনসহ আঞ্চলিক, জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে জাতীয় এবং স্কাউট পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। এছাড়া সারা দেশে উপজেলা, জেলা ও আঞ্চলিক কার্যালয় এবং প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, স্মারক গ্রন্থ প্রকাশ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বেতার ও ইলেকট্রনিক মিডিয়ায় টকশো এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।