যশোরের চৌগাছার নারায়নপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের কৃতী সন্তান ড. মুহাম্মদ রোকনুজ্জামান যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউনিভার্সিটি অব ফ্লোরিডা থেকে অ্যাপ্লাইড ইকোনমিকসে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। বর্তমানে তিনি ওই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
ডক্টর রোকন শিক্ষাজীবনের প্রতিটি স্তরে ছিলেন সেরাদের সেরা। ২০০৯ সালে গুয়াতলী দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় গোল্ডেন ‘এ’ প্লাস পান। এর আগে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। ২০১১ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন ‘এ’ প্লাস পান এবং যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় অষ্টম স্থান লাভ করে ভর্তি হন অর্থনীতি বিভাগে। সেখান থেকে অনার্স, মাস্টার্স শেষ করেন। এরপর তিনি ২০২০ সালে প্রেস্টিজিয়াস এডিবি জাপান স্কলারশিপ নিয়ে থাইল্যান্ডের থামাসা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ পড়াশোনা করেন। ২০২২ সালে ফুল স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টলেডো থেকে অর্থনীতিতে মাস্টার্স শেষ করেন এবং একই বছরে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে পিএইচডি শুরু করেন।
ডক্টর রোকন একইসাথে লেখক, গবেষক, পাবলিক স্পিকার এবং একাডেমিশিয়ান। পৃথিবীর নামকরা জার্নালে প্রকাশিত হয়েছে ডক্টর রোকনের গবেষণা। এছাড়া তিনি একাধিক জনপ্রিয় বইয়ের লেখক।



