সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে তাওহীদুল ইসলাম সম্পাদিত ‘অগ্রন্থিত ফররুখ’ গ্রন্থের পাঠ উন্মোচন সম্পন্ন হয়েছে।
‘গানের খেয়া’ প্রকাশনের উদ্যোগে রাজধানী ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি জাকির আবু জাফর, কবি ওমর বিশ্বাস, নাট্য ও মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুল, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, মোহাম্মদ জসিম উদ্দিন, কবিপুত্র এস এম ওয়াহিদুজ্জামান, কবি মুন্সী বোরহান মাহমুদ, কবি আবিদ আজম ও সীমান্ত আকরাম।
কবি নাঈম আল ইসলাম মাহিনের উপস্থাপনায় অনুষ্ঠানে কবির লেখা গান পরিবেশন করেন শিল্পী আহমেদ আতাউল্লাহ সালমান, জোবায়ের হোসাইন, সুরাইয়া আক্তার সাইফা, সাওদা ও মাফরুহা। আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী আজহারুল ইসলাম রনি, মোজাম্মেল হোসাইন, আলমগীর ইসলাম শান্ত, সাব্বির আহমেদ, আদিয়ান ইসলাম ও রাওদা।
কবি আবদুল হাই শিকদার বলেন, ‘ফররুখচর্চায় আকৃষ্ট হওয়া মানে নিজের বাড়িতে ফিরে আসা, ফররুখে আকৃষ্ট হওয়া মানে মৌলিক কবিদের সঙ্গে সম্পর্ক করা, নতুন দিকের সূচনা হওয়া। ফররুখ—নজরুল, ইসমাইল হোসেন সিরাজী, কায়কোবাদ, জসিমউদ্দীনের মতো হননি। তিনি ভাষা, বিষয় ও শব্দচয়নের ক্ষেত্রে নিজস্বতার পরিচয় দিয়েছেন, দক্ষতা দেখিয়েছেন, যা তাকে মৌলিক ও অনন্য করেছে।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা ফররুখ চর্চায় ‘অগ্রন্থিত ফররুখ’ বইটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি পরিণত হয়েছিল দেশের প্রথিতযশা কবি, লেখক, গবেষক, প্রবন্ধকার, গল্পকার, ছড়াকার, গীতিকার, আবৃত্তিকার ও শিল্পীদের মিলনমেলায়।



