জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে ঢাকার বেইলি রোডে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্পর্ক ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করতেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
দেশীয় সাংস্কৃতিক সংসদের এর সভাপতি বিশিষ্ট সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দেশীয়’র সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় ক্বারী নাছির উদ্দীন আল মামুনের কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক আবুল আসাদ, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কবি নাসির হেলাল, কবি শরীফ আবদুল গোফরান, কবি জাকির আবু জাফর, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, হাসান আলীম, আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন গীতিকার-সুরকার তাফাজ্জল হোসাইন খান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, নাট্যকার মাহবুব মুকুল, শিল্পী মশিউর রহমান প্রমুখ। এছাড়াও দেশবরেণ্য বহু কবি, সাহিত্যক, লেখক, সাংবাদিক উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে অতিথিরা রমজানের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। পাশাপাশি দেশের সুস্থ ও ইতিবাচক সাংস্কৃতিক ধারা বিকাশে করণীয় বিষয় নিয়েও মতামত তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশনা করেন সাইমুম শিল্পীগোষ্ঠী ও দেশীয় সাংস্কৃতিক সংসদের বিভিন্ন জেলা-মহানগরী শিল্পীরা। দলীয় রমাদান সঙ্গীত পরিবেশন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারিয়েট সদস্যরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয় এবং উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়। এ আয়োজন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়।



