একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সার্জিক্যাল আইসিউ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নয়া দিগন্ত অনলাইন
কবি আল মুজাহিদী
কবি আল মুজাহিদী |সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সার্জিক্যাল আইসিউ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি সমস্যাসহ মাল্টি অর্গান ফেইলিয়র নিয়ে ২৩ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বাসায় ফিরে প্রায় দুই সপ্তাহ কিছুটা সুস্থ ছিলেন। আবারো সমস্যা বাড়তে থাকায় ৪ জুন উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে ১৫ জুন পর্যন্ত রাখা হয়। বাড়িতে নিয়ে আসার এক দিন পরেই অসুস্থ হয়ে পরায় ১৬ জুন আবারো উত্তরা ক্রিসেন্ট হাসপতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৮৬ বছর বয়সী আল মুজাহিদী দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যাসহ হৃদরোগে ভুগছিলেন। এক বছর আগে চিকুনগুনিয়া হওয়ায় তখন থেকেই তিনি একেবারে শয্যাসায়ী। আল মুজাহিদী একসময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

সাহিত্যের সকল শাখায় বিচরণকারী এই গুণী ব্যক্তিত্ব ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

দীর্ঘ সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কবিতা, উপন্যাস, অনুবাদ ও শিশুসাহিত্যে অসংখ্য কালজয়ী কাজ উপহার দিয়েছেন। হেমলকের পেয়ালা’, ‘ধ্রুপদ ও টেরাকোটা’, ‘যুদ্ধ নাস্তি’, ‘মৃত্তিকা অতি-মৃত্তিকা’ প্রভৃতি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। ‘প্রথম প্রেম’, ‘চাঁদ ও চিরকুট’, ‘প্রপঞ্চের পাখি’ - উপন্যাস ও গল্প ।

সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ ছাড়াও জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, ‎কবি জসীম উদ্‌দীন একাডেমি পুরস্কার, ‎মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, শেরে বাংলা সংসদ পুরস্কার, ‎জয়বাংলা সাহিত্য পুরস্কার, বাসাসপ কাব্যরত্ন পদক ও একুশে পদক পেয়েছেন।

Topics