রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

‘বাংলা ভাষাকে বিশ্ব সাহিত্যের মর্যাদায় উন্নীত করতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অবিস্মরণীয়।’

অনলাইন প্রতিবেদক
রবীন্দ্রনাথ ঠাকুর ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রবীন্দ্রনাথ ঠাকুর ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর |সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৭ মে) এক বাণীতে তিনি কবিগুরুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলা ভাষাকে বিশ্ব সাহিত্যের মর্যাদায় উন্নীত করতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অবিস্মরণীয়। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, দার্শনিক ও সংগীত রচয়িতা হিসেবে নিজেকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছেন।’

বাণীতে মির্জা ফখরুল উল্লেখ করেন, ‘রবীন্দ্রনাথ কেবল একজন কবিই ছিলেন না, বরং সমাজ, রাজনীতি এবং সামাজিক সম্প্রীতির এক অনবদ্য রূপকার ছিলেন।’

তিনি বলেন, ‘তার সাহিত্যকর্মে শান্তি, মানবতা ও পরমতসহিঞ্চুতার যে বাণী রয়েছে, তা জাতীয়তার গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণের প্রেরণা হয়ে উঠেছে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘রবীন্দ্রনাথের লেখনীতে একদিকে যেমন সমাজচেতনা ও মানবপ্রেমের শাশ্বত বাণী ফুটে উঠেছে, অন্যদিকে তা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার সাহস জুগিয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অফুরন্ত প্রেরণার উৎস।’

পরিশেষে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, রবীন্দ্রনাথের সৃষ্টি মানুষকে চিরকাল দেশপ্রেম ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করে যাবে।

উল্লেখ্য, ১৮৬১ সালে ৭ মে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম হয় রবীন্দ্রনাথ ঠাকুরের।