ডা: শাহাবুদ্দিন খানের ‘জীবনের পথে পথে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

‘আমি আশা করি একজন ২২ থেকে ৩০ বছরের যুবক সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করতে পারে সেই গল্পগুলো আমি এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি।’

নয়া দিগন্ত অনলাইন
‘জীবনের পথে পথে’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান
‘জীবনের পথে পথে’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান |সংগৃহীত

‎বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টায় অমর একুশে বইমেলা প্রাঙ্গণে ন্যাশনাল পাবলিকেশনের ৯৩৮ নম্বর স্টলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মো: শাহাবুদ্দিন খানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‎‘জীবনের পথে পথে’-এর মোড়ক ‎উন্মোচন করা হয়েছে ।

‎এ গ্রন্থ কেবল স্মৃতির বয়ান নয়—এ যেন এক নিবেদিত প্রাণ চিকিৎসকের মানবসেবার গল্প, এক সাহসী মানুষের অদম্য জীবন সংগ্রামের কাহিনি। করাচি থেকে তেহরান, বন্দর বুশার থেকে দুবাই—দীর্ঘ প্রবাসজীবনের পথে পথে লেখক প্রত্যক্ষ করেছেন মানুষের সুখ-দুঃখ, বেদনা ও আশার নানা রঙ।

‎ইরান–ইরাক যুদ্ধের ভয়াল সময়েও তিনি যুদ্ধাহত মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছেন অক্লান্ত নিষ্ঠায়, আর হৃদয়ে লালন করেছেন একটিই স্বপ্ন—মানুষের পাশে দাঁড়ানোর।

‎যারা অনুপ্রেরণার আলো খোঁজেন, যারা মানবিকতার গল্প শুনতে ভালোবাসেন, এবং যারা একজন সফল মানুষের সংগ্রামময় পথচলার অজানা অধ্যায় জানতে চান—তাদের জন্য ‘জীবনের পথে পথে’ হবে এক অনন্য পাঠ অভিজ্ঞতা।

‎এ বইটিতে লেখক ফুটিয়ে তুলেছেন শত বাধা উপেক্ষা করে কিভাবে নিজেকে চূড়ান্ত শিখরে আরোহণ করতে হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, আমি আশা করি একজন ২২ থেকে ৩০ বছরের যুবক সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করতে পারে সেই গল্পগুলো আমি এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি।

এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমুল আনোয়ার জুয়েল ‎ব্যবস্থাপনা পরিচালক, ডিজিটাল হাব বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক ও ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমূল হক সরকার।