জাতীয় জাদুঘরে ৬ দিনের ক্যালিগ্রাফি উৎসব শুরু আজ

প্রদর্শনীতে দেশ-বিদেশের দুই শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১২ জন বিশেষ অতিথি শিল্পী, ৩২ জন আয়োজক শিল্পী ও ১৩২ জন অংশগ্রহণকারী শিল্পী রয়েছেন।

Location :

Dhaka
আর্ট অব ফেইথ এক্সিবিশন ২০২৬
আর্ট অব ফেইথ এক্সিবিশন ২০২৬ |নয়া দিগন্ত

ইবি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে শুরু হচ্ছে ক্যালিগ্রাফি শিল্প নিয়ে ছয় দিনব্যাপী মহোৎসব ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন ২০২৬’।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ মহোৎসব আয়োজন করেছে ইসলামিক কালচারাল অর্গানাইজেশন (আইসিও)। ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন ২০২৬’ নামের এ প্রদর্শনী চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

‘শিল্পে বিশ্বাসের সৌন্দর্য, বিশ্বাসে শিল্পের আলো’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীতে ক্যালিগ্রাফির পাশাপাশি চিত্রকলা, রেজিন আর্ট, টেক্সচার আর্ট, মিশ্র মাধ্যম, ভাস্কর্য ও সিরামিকের কাজ থাকছে। আয়োজকদের দাবি, দেশে জাতীয় পর্যায়ে ক্যালিগ্রাফি নিয়ে এত বড় পরিসরের আয়োজন এবারই প্রথম।

প্রদর্শনীতে দেশ-বিদেশের দুই শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১২ জন বিশেষ অতিথি শিল্পী, ৩২ জন আয়োজক শিল্পী ও ১৩২ জন অংশগ্রহণকারী শিল্পী রয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্তের প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীরাও এতে অংশ নিচ্ছেন।

আন্তর্জাতিক অতিথি হিসেবে ভারতের গুজরাট থেকে অংশ নিচ্ছেন ‘কালচার টু আর্ট অব ইন্ডিয়া’র পরিচালক গৌরী ইউসুফ হুসেন। শিশু শিল্পীদের ক্যালিগ্রাফি নিয়ে থাকছে আলাদা ‘শিশু কর্নার’।

আজ সন্ধ্যা ৬টায় প্রদর্শনীটি সবার জন্য খুলে দেয়া হবে। প্রথম দিন রাত ৭টা পর্যন্ত এটি খোলা থাকবে। ১২ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দর্শনার্থীরা প্রদর্শনী দেখতে পারবেন।

আয়োজন সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে আল্লামা মামুনুল হক, কবি মুহিব খান, মাওলানা ইয়াহিয়া ইউসুফ নদভী, শায়েখ মহিউদ্দিন ফারুকী, মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদিন, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, ইয়াহিয়া আমিন, শায়খ মুফতি সাইফুল ইসলাম ও আব্দুল্লাহ আল জাবেরসহ আলেম, চিন্তাবিদ, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।

ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের সভাপতি ইসমাইল হুসাইন বলেন, ‘বাংলাদেশে ক্যালিগ্রাফি শিল্প নিয়ে জাতীয়ভাবে এত বড় আয়োজন এটিই প্রথম। ঐতিহ্যবাহী ইসলামী শিল্পচর্চার সাথে সমকালীন সৃজনশীলতার যোগসূত্র তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য।’

আয়োজকদের পক্ষ থেকে শিল্পী, শিল্পানুরাগী, দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীদের প্রদর্শনীতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।