রিয়াল মাদ্রিদ শিবিরে জোড়া ধাক্কা

৩২ রাউন্ড শেষে ৮২ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

নয়া দিগন্ত অনলাইন

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ক্লাব ফুটবল মৌসুমে আর মাঠে নামতে পারছেন না রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার আর্দা গুলার ও ডিফেন্ডার এডার মিলিতাও।

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে রিয়াল জানায়, গুলার ও মিলিতাও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছে। দুজনকে প্রায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তবে আসন্ন ফিফা বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন তারা।

লা-লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনকালে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান গুলার।

পেশিতে অস্বস্তিবোধ করায় মাঠ থেকে সরিয়ে নেয়া হয় তাকে। পরে এমআরআই স্ক্যানে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে গুলারের।

গত মঙ্গলবার আলাভেসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মিলিতাও।

এমআরআই স্ক্যান রিপোর্টে তার চোটের ভয়াবহতা নিশ্চিত করে রিয়াল মেডিক্যাল দল। গত দুই মৌসুমে এসিএল ইনজুরি কাটিয়ে এবারের মৌসুম দিয়ে ছন্দে ফেরার লড়াইয়ে ছিলেন মিলিতাও। কিন্তু এবারের মৌসুমের মাঝপথে মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি।

৩২ রাউন্ড শেষে ৮২ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল।