নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা করলেন দেশটির রাজা

আগামী ১৭ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নরওয়ে। ২৩ জুন নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে এবং ২৬ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে নরওয়ে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও আর্লিং হালান্ডকে নিয়ে ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নরওয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্বে রেকর্ড করা ভিডিওর মাধ্যমে নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা করেন দেশটির রাজা পঞ্চম হ্যারাল্ড।

তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া নরওয়ের বিশ্বকাপ দলে চমক গোলরক্ষক সান্দার ট্যাংভিক। জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও বিশ্বকাপ দলে আছেন তিনি। মাথিয়াস ডায়নগেল্যান্ডের ইনজুরিতে কপাল খুলেছে ২৩ বছর বয়সী ট্যাংভিকের।

দলে অস্কার বব ও জুর্গেন স্ট্র্যান্ড লারসেনের মতো প্রতিভাবান তারকারাও আছেন।

বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন মার্টিন ওডেগার্ড। আর্সেনালের হয়ে সদ্যই প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন তিনি।

১৯৩৮, ১৯৯৪ ও ১৯৯৮ সালের পর এবার চতুর্থবার বিশ্বকাপ খেলবে নরওয়ে। দীর্ঘ ২৮ বছর পর আবারো বিশ্বকাপ খেলতে নামবে নরওয়ে।

‘গ্রুপ অব ডেথ’ হিসেবে পরিচিত ‘আই’ গ্রুপে নরওয়ের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও ইরাক।

আগামী ১৭ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নরওয়ে। ২৩ জুন নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে এবং ২৬ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে নরওয়ে।

নরওয়ে দল
গোলরক্ষক : ওর্হান নিল্যান্ড, এগিল সেলভিক, সান্দার ট্যাংভিক।

ডিফেন্ডার : হুলিয়ান রায়ারসন, মার্কাস হল্মগ্রিন পিডারসেন, ডেভিড মোলার উলফ, ফ্রেড্রিক হোরকান, ক্রিস্টোফার আহের, টর্বহর্ন হেগেম, লিও স্কিরি ওসটিগার্ড, সোন্দ্রে ল্যাঙ্গাস, হেনরিক ফ্যালচেনের।

মিডফিল্ডার : মার্টিন ওডেগার্ড, সান্দার বার্গ, ফ্রেড্রিক অর্সনেস, প্যাট্রিক বার্গ, ক্রিশ্চিয়ান থোরস্তেভড, মর্টেন থর্সবি, থিরো আগসগার্ড।

ফরোয়ার্ড : আর্লিং হালান্ড, আলেকজান্ডার সরলোথ, স্ট্র্যান্ড লারসেন, আন্তোনিও নুসা, ওস্কার বব, আন্দ্রিয়াস শেজাল্ডারুপ, জিন্স পিটার হজ।