বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন সিলেটে। সিলেটের মাটিতে একটি টেস্ট খেলার জন্য বুধবার সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শন উইলিয়ামস-ক্রেইগ আরভিনরা। আজ বৃহস্পতিবার দু’দলই অনুশীলনে ব্যস্ত সময় পার করছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এবার পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে খেলতে এসেছে সফরকারীরা। চোট কাটিয়ে জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরেছেন উইলিয়ামস। ছুটি কাটিয়ে বাংলাদেশে এসেছেন আরভিনও। অভিজ্ঞ দুই ক্রিকেটার আরভিন ও উইলিয়ামসের পাশাপাশি বাংলাদেশ সফরে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাকে।
তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির বদলে সুযোগ পেয়েছেন তিনি। সব মিলিয়ে ১৫ সদস্যের দল নিয়ে বাংলাদেশে দুই টেস্ট খেলতে এসেছে জিম্বাবুয়ে। লম্বা সময় পর বাংলাদেশে টেস্ট খেলতে এলো জিম্বাবুয়ে।
এদিকে, সিলেটে টানা তিন দিন অনুশীলন করার পর বুধবার সারাদিন বিশ্রাম করেছে বাংলাদেশ দল। আজ দু’দলই অনুশীলনে ব্যস্ত সময় পার করছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সবশেষ ২০২০ সালে বাংলাদেশে টেস্ট খেলেছিল তারা। যদিও সেবার ইনিংস ও ১০৬ রানে হেরেছিল সফরকারীরা। আগামী ২০ এপ্রিল থেকে সিলেটে হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামে ২৮ এপ্রিল থেকে।



