হেরেই চলেছে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে সিরিজ হারের রেশ কাটলো না টি-টোয়েন্টিতেও। হার দিয়েই শুরু হলো তিন ম্যাচের সিরিজ, ভাঙতে পারলো না ব্যর্থতার বৃত্ত।
মঙ্গলবার সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ২৫ রানে হেরে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ১৬২ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ১৩৬ রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা।
লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়েন জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার। ১৬ রান করে আউট হন জুরাইরিয়া।
তবে এরপর দলের বোর্ডে যখন ৪০ রান, তখন ১ ও ০ রান করে কাটা পড়েন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা। আর ৪ রান যোগ হতেই ফেরেন দিলারাও, আউট হন ১৪ বলে ২৩ করে।
বিনা উইকেটে ৩৯ থেকে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে টাইগ্রেসরা। সেখান থেকে আর বের হয়ে আসতে পারেনি দল, ২৬ বল খেললেও ১৬ রানের বেশি করতে পারেননি সোবহানা মোস্তারি।
এরপর রাবেয়া (৬) ফিরলে ৯৭ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ নারী দল। এরপর একাই লড়াই চালিয়ে যান স্বর্না আক্তার। শেষ বলে রান আউট হওয়ার আগে ৪৫ বলে ৬০ রান করেন তিনি।
৬ রান করে অপরাজিত ছিলেন সুলতানা খাতুন। শ্রীলঙ্কার হয়ে সমান দুটি করে উইকেট পেয়েছেন মাদারা, আতাপাত্তু ও অযোধ্যা।
এর আগে প্রথমে ব্যাট করে লঙ্কানরা ৪ উইকেটে তোলে ১৬১। সফরকারীদের হয়ে দুলানি ৪০ বলে ৫৫ ও হারশিতা ৩৫ বলে ৬১ রান করেন। বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নেন সুলতানা।



