বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে ৪ জন

বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে ৪ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যেন চলছে মাঠের ক্রিকেটের মতোই রোমাঞ্চ। রঙ্গমঞ্চ বললেও ভুল হবে না। গত দু’বছরে কয়েকজন সভাপতি দেখেছে ক্রিকেট বোর্ড। এদিকে ফের বাজছে নতুন নির্বাচনের ডামাডোল।

আগামী ৭ জুন হবে বিসিবির পরবর্তী পরিচালনা পর্ষদ নির্বাচন। মূলত বিসিবির বর্তমান এডহক কমিটিই সিলেকশন থেকে বেরিয়ে ইলেকশনের মাধ্যমে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে চাইছে!

এডহক কমিটির দায়িত্বরতদের দেখা যাচ্ছে পরিচালনা পর্ষদ নির্বাচনে সরব উপস্থিতি। যাদের অনেকেই আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন।

রংপুর বিভাগ থেকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলামের ভাই মির্জা ফয়সল আমীন একমাত্র প্রার্থী। তার কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় সরাসরি পরিচালক হতে যাচ্ছেন তিনি।

একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম রাজশাহী থেকে একমাত্র প্রার্থী। তাদের মতো সিলেট বিভাগ থেকেও পরিচালক আসছে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া।

সিলেট বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি সিলেট সিটি করপোরেশনে সরকার নিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি।

একইভাবে ক্যাটাগরি-৩ এ একজন মাত্র প্রার্থী থাকায় সেখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন। সম্পর্কে তিনি তামিম ইকবালের ফুপা।

এর বাইরে যে চারটি বিভাগে নির্বাচন হবে, তার তিনটিতেও বেশ কয়েকজন এমপি ও মন্ত্রীর আত্মীয়স্বজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে সাইদ বিন জামান ঢাকা বিভাগ থেকে প্রার্থী হয়েছেন।

চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক প্রার্থী পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চাচা মাঈন উদ্দিন চৌধুরী। খুলনা বিভাগের প্রার্থী শান্তনু ইসলাম বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলামের ভাই।

ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক প্রার্থীদের মাঝে আছেন বিসিবির বর্তমান এডহক কমিটির তিন সদস্য ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ ও মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন।

ইসরাফিল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইব্রাহিম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও ইয়াসির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের ছেলে।

এছাড়া মনোনয়নপত্র তুলেছেন আমিনুল ইসলামের বোর্ডে এনএসসি মনোনীত পরিচালক হওয়া ইয়াসির মোহাম্মদ ফয়সাল। যার বাবা আবুল কালাম কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য।