সেপ্টেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাফুফে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ ফুটবল। কিন্তু ভারত ওই সময়ে অন্য একটি টুর্নামেন্ট খেলবে। ফলে ভারত ছাড়া সাফ ফুটবল করতে চায় না সাফ কর্তৃপক্ষ। এখন সেপ্টেম্বরে বাফুফে ঢাকায় টুর্নামেন্ট করতে চায়। বাফুফে সভাপতি তাবিথ আওয়াল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিতে বলেছেন বাফুফের মার্কেটিং বিভাগকে। বাফুফের সহসভাপতি এবং মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, বাফুফে সভাপতি আমাকে বলেছেন যেহেতু সেপ্টেম্বরে সাফ ফুটবল হচ্ছে না । তবে ওই সময়ে বাংলাদেশ দলকে খেলাতে হবে। তাই বলা হয়েছে দেশে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিতে। সে সাথে অন্য কোনো দেশে তখন কোনো টুর্নামেন্ট হবে কি না- সে বিষয়েও খোঁজ নিতে। এমন আমরা ঈদের পর এ নিয়ে কাজ শুরু করব। দেখব কোন কোন দেশ ঢাকায় এসে টুর্নামেন্ট খেলতে চায়। অথবা অন্য কোনো দেশে তিন জাতি বা চার জাতি টুর্নামেন্ট হয় কি না।’ ফাহাদ করিম নিশ্চিত করেন, সেপ্টেম্বরের উইন্ডোতে বাংলাদেশ কোনো একটি ম্যাচ খেলবে না। টুর্নামেন্ট খেলতেই বেশি আগ্রহী। যাতে সাফের আগে প্রস্তুতিটা যথাযথ হয় জাতীয় দলের।