হাইকোর্টের আদেশের নথি মুন্সীগঞ্জ ডিসি অফিস থেকে গায়েব

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে হাইকোর্টের আদেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জেলা প্রশাসকের কার্যালয় থেকে গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে শ্রীনগরের বাঘড়া ইউনিয়নে অবৈধ মাটি কাটা ও বিক্রির ঘটনায় হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে। ভুক্তভোগী সফিকুল ইসলাম অভিযোগ করে জানান, ২০২৫ সালের ১ জুন হাইকোর্টের একটি আদেশ জেলা প্রশাসকের কার্যালয়ের জে এম শাখায় দাখিল করা হলেও দীর্ঘ ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি। অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্ট নথিটি জেএম শাখা থেকে গায়েব হয়ে গেছে এবং তিন মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। নথি গায়েবের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

অন্য দিকে একই ব্যক্তি ও আরেক আবেদনকারী পৃথক আবেদনে বাঘড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, অবৈধ খননের ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে পূর্বে প্রশাসনিক অভিযান হলেও মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ বাড়ছে। উভয় আবেদনে জেলা প্রশাসকের কাছে হাইকোর্টের আদেশ দ্রুত বাস্তবায়ন, নথি গায়েবের ঘটনায় দায়ীদের শাস্তি এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়েছে।