ইটনার ফেরিঘাটে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

Printed Edition

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের ইটনা উপজেলার আমিরগঞ্জ জনতা বাজার ফেরীঘাটে সরকারি নির্ধারিত ভাড়া অমান্য করে যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চলা এ অনিয়মে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

জানা গেছে, নিয়ম অনুযায়ী নৌকা পারাপারে প্রতি যাত্রীর কাছ থেকে পাঁচ টাকা ভাড়া নেয়ার কথা থাকলেও নেয়া হচ্ছে ১০ টাকা করে। শুধু যাত্রী নয়, গরু পারাপারেও নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। ছোট গরু পারাপারে নির্ধারিত ৫০ টাকার পরিবর্তে ১০০ থেকে ২০০ টাকা এবং বড় গরুর ক্ষেত্রে ১০০ টাকার পরিবর্তে ২০০ থেকে ২৫০ টাক নেয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নতুন বছরে ফেরিঘাট ইজারা নেয়ার পর থেকেই অতিরিক্ত টাকা আদায় শুরু করেছে। প্রতিদিন নৌকায় পারাপার হওয়া যাত্রীরা নিরুপায় হয়ে বাড়তি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। কম ভাড়া দিতে চাইলে ইজারাদারদের পক্ষ থেকে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। গরু ব্যবসায়ী আব্দুল কাদির বলেন, নৌকায় গরু পারাপারে আমাদের কাছ থেকে অনেক বেশি টাকা নেয়া হচ্ছে। দূর থেকে এসে বাধ্য হয়ে বেশি টাকা দিতে হচ্ছে। কোনো সাইনবোর্ডও নেই, দেখারও কেউ নেই।

অন্যদিকে ভুক্তভোগী তাজুল ইসলাম জানান, আগে যাত্রী পারাপারে পাঁচ টাকা নেয়া হতো, এখন ১০ টাকা নেয়া হচ্ছে। কম দিতে চাইলে ইজারাদাররা দুর্ব্যবহার করেন এবং পারাপারে করবে না বলে হুমকি দেন।

এ বিষয়ে ইটনা ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, সাইনবোর্ড টাঙানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। এরপরও যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেয়া হবে।