ফাহমিদা নবীর ‘মেঘলা আকাশ’

Printed Edition
ফাহমিদা নবীর ‘মেঘলা আকাশ’
ফাহমিদা নবীর ‘মেঘলা আকাশ’

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী তার দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় বৃষ্টি নিয়ে বেশ কয়েকটি গান গেয়েছেন। তবে এবার বৃষ্টি নিয়ে যে গানটি গেয়েছেন সেই গানটি নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। কারণ এ গানটির কথা এবং সুর তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গানের শিরোনাম ‘মেঘলা আকাশ’। মেঘলা আকাশ নামে বাংলাদেশে এর আগে একটি সিনেমা নির্মিত হয়েছিল। যা নির্মাণ করেছিলেন নারগিস আক্তার। যাতে অভিনয় করেছিলেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমী, বাংলাদেশের প্রিয়দর্শিনী মৌসুমীসহ আরো অনেকে। এবার মেঘলা আকাশ নামে ফাহমিদা নবীর কণ্ঠে গান আসছে। গানের প্রথম দু’টি লাইন এমন- ‘মেঘলা আকাশ ভেঙে পড়ে আমার জানালায়, সময়গুলো থমকে যেন যায়।’ গানটি লিখেছেন আব্দুল ও সোহানা। তারা দু’জন স্বামী-স্ত্রী। সুর ও সঙ্গীত করেছেন আব্দুল। ফাহমিদা নবীর সাথে গেয়েছেনও আব্দুল। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এর আগেও আমি বৃষ্টি নিয়ে গান গেয়েছি। কিন্তু আব্দুল ও সোহানার লেখা এই গানটি এত বেশি ভালো লেগেছে, যা ভাষায় প্রকাশের নয়। গানের কথা ও সুরের এত চমৎকার মেলবন্ধন যা আগে আমার কোনো বৃষ্টির গানে পাইনি আমি। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী এবং ভীষণ উচ্ছ্বসিত। গানটি এতই চমৎকার যে, আমরা আগামী মাসের শুরুতে সিলেটে এই গানের মিউজিক ভিডিও করতে যাচ্ছি। যেন মেঘলা আকাশ গানটির যথাযথ ভিডিও হয়। এই গানের কোনোরকম ভিডিওর পক্ষপাতি আমি নই, তাই মূলত সিলেটে যাওয়া। আশা করছি গানটি যেমন মনের মতো হয়েছে, ভিডিওটিও হবে আরো অনেক বেশি ভালোলাগার। ধন্যবাদ আব্দুল ও সোহানাকে এত চমৎকার একটি গানের জন্য।’ এদিকে গত ২৭ আগস্ট বিটিভিতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে ফাহমিদা নবীকে একটি অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়। এদিকে কিছু দিন আগে মাছরাঙা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘তোমায় গান শোনাবো’র ৬০০তম পর্বে সঙ্গীত পরিবেশন করেছেন ফাহমিদা নবী। এদিকে ফাহমিদা নবী সর্বশেষ আমেরিকাতে টানা সাড়ে তিন ঘণ্টার একক শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। মূলত এই আয়োজন ছিল আড়াই ঘণ্টার। কিন্তু ফাহমিদা নবীর কণ্ঠের গান উপভোগ করাটা যেন শেষই হচ্ছিল না। তাই আড়াই ঘণ্টা থেকে শ্রোতা দর্শকের অনুরোধে তা সাড়ে তিন ঘণ্টা করা হয়। কিছু দিন আগেও ফাহমিদা নবীর কণ্ঠে ‘বন্ধু হারিয়ে গেল’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। গানটির সুর করেছিলেন প্রয়াত বর্ণ চক্রবর্ত্তী। এদিকে ফাহমিদা নবী তার নিজের সুর করা গান নিয়েও ভীষণ ব্যস্ত। একে একে তার সুর করা গানগুলোও প্রকাশ পাবে।