শ্রমিকনেতা বাসু হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

Printed Edition

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় ২০ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো: রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত দণ্ডবিধির বিভিন্ন ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। তারা হলেন- বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ (পলাতক), ঝন্টু শেখ (পলাতক) ও কিবরিয়াল কাজী। উচ্চ আদালতের অনুমোদনসাপেক্ষে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

অন্য দিকে মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলিমুজ্জামান বিটু (পলাতক) ও প্রিন্স খাঁকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ইকবাল খাঁ, টুটুল শেখ ও রনি শেখসহ বাকি ১১ জন আসামিকে দেয়া হয়েছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা এলাকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে ফকিরকান্দি এলাকার নিজ বাসায় ফেরার পথে সাইদুর রহমান বাসুর ওপর হামলা চালানো হয়। একদল হামলাকারী তাকে কুপিয়ে ও পিটিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরদিন ১৮ ফেব্রুয়ারি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই জাসু শেখ ১৮ ফেব্রুয়ারি রাতে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১২ জনকে আসামি করে হত্যা মামলা (জিআর নং-৬৮/২০১৬) দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য গ্রহণ ও প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উপস্থিত দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানা মূলে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে পাঠানোর নির্দেশ দেয়া হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

আদালত রায়ে উল্লেখ করেন, দণ্ডপ্রাপ্ত আসামিরা চাইলে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন-২০০২-এর ১৪ ধারার বিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর। রায় ঘোষণার পর নিহত বাসুর স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেন।