চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো: শওকত আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। গতকাল শনিবার সকালে সৌজন্য সাক্ষাৎকালে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
জামায়াত নেতারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব নগরী গড়ে তুলতে রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, সিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁঁইয়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালি থানার সেক্রেটারি মোস্তাক আহমদ।



