চট্টগ্রাম ব্যুরো
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর একটি প্রথম শ্রেণীর কেপিআই এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড আইএসপিএস কোড অনুসরণকারী বন্দর। দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রফতানি কার্যক্রম এই বন্দরের মাধ্যমে পরিচালিত হওয়ায় বন্দর পরিচালনার সক্ষমতা, নিরাপত্তা ও অপারেশনাল গতিশীলতা বজায় রাখতে বন্দর কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় বন্দরে প্রবেশকারী যানবাহন সমূহের গেট পাস ব্যবস্থাপনায় আধুনিকায়নের অংশ হিসেবে টিওএস (টার্মিনাল অপারেটিং সিস্টেম) অ্যাপ -এর মাধ্যমে অনলাইনে নির্ধারিত ফি পরিশোধপূর্বক গেট পাস ইস্যু কার্যক্রম এরই মধ্যে চালু রয়েছে। তবে দূর-দূরান্ত থেকে আগত অনেক চালক ও সহকারীরা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অনলাইনে যথাযথভাবে গেট পাস সংগ্রহ করতে না পারায় বন্দরে প্রবেশের সময় নানা জটিলতার সম্মুখীন হচ্ছিলেন। এতে যানজট সৃষ্টি হয়ে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছিল।
উদ্ভূত পরিস্থিতি নিরসন এবং বন্দর কার্যক্রমে অধিক গতিশীলতা আনতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বন্দরের পাঁচটি গেটে কনটেইনার বক্সের মাধ্যমে বুথ স্থাপন করে সরাসরি গেট পাস ইস্যু কার্যক্রম চালুর নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে বন্দরের ওভার-ফ্লো বুথে আয়োজিত এক অনুষ্ঠানে কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন), আনুষ্ঠানিকভাবে বুথভিত্তিক গেট পাস ইস্যু কার্যক্রমের উদ্বোধন করেন।



