ক্রীড়া প্রতিবেদক
মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরী প্রায় অকার্যকর হয়ে গেছে। ২৪ ঘণ্টায় বন্দরনগরীর আবহাওয়ার কোনো পরিবর্তন না হওয়াতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-২০তে একটা বলও মাঠে গড়ায়নি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল বেলা দেড়টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। ৩টা ১০ মিনিট থেকে ওভার কমানো হচ্ছিল। ন্যূনতম ৫ ওভার খেলার জন্য বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত সময় দেয়া হয়েছিল। কিন্তু বৃষ্টির যে অবস্থা, তাতে আর অপেক্ষা করেননি ম্যাচ কর্মকর্তারা। বিকেল ৪টা ১৮ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম টি-২০তে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় টি-২০ পরিত্যক্ত হওয়ায় এখন নিউজিল্যান্ডের সামনে সিরিজে সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। মিরপুরে ২ মে হবে সিরিজের তৃতীয় টি-২০। বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার পর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যারা অনলাইনে দ্বিতীয় টি-২০-এর টিকিট কিনেছেন, তারা টাকা ফেরত পাবেন।



