প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের চেষ্টা : আটক ২

পল্লবীর মাদককারবারি শাহাজাদীসহ গ্রেফতার ৪

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে মাহবুব নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার রাত ২টার দিকে তাকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

জানা গেছে, যৌথবাহিনীর হেফাজতে থাকা মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। তার দেয়া তথ্যে প্রশ্নফাঁস চক্রের আরেক হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র‌্যাব। অভিযোগ রয়েছে, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করেছিল এই চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়। গতকাল শুক্রবার প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রশ্নফাঁস চেষ্টার অযোগে আটক করে সেনাসদস্যরা থানায় দিয়ে গেছেন।

পল্লবীর মাদককারবারি শাহাজাদীসহ গ্রেফতার ৪ : রাজধানীর পল্লবী থানাধীন বেগুনটিলা বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযানে মাদকসম্রাজ্ঞী শাহাজাদীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়। শুক্রবার সকালে সেনাবাহিনীর ছয় স্বতন্ত্র এডি ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মিরপুর ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর দু’টি টহল দল পল্লবী থানার বেগুনটিলা বস্তি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসম্রাজ্ঞী শাহাজাদী (৩৫) ও তার তিন আত্মীয় ও সহযোগী বেলি (৩২), মো: ইসলাম (৩৫) এবং রনিকে (৪০) গ্রেফতার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত মিরপুর ক্যাম্প ও পল্লবী থানা পুলিশের সহযোগিতায় কুর্মিটোলা ক্যাম্প, পল্লবী এলাকায় আরেকটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহাজাদীর বাসা থেকে ৪৬০ গ্রাম হেরোইন, একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও গাঁজা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, গ্রেফতারকৃত শাহাজাদী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদককারবার পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদককারবার ও অবৈধ অর্থ লেনদেনসংক্রান্ত একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।