আন্তর্জাতিক ক্রিকেট ফুটবল ঘিরে অনলাইন জুয়ার নেটওয়ার্ক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে টাকার বিনিময়ে অনলাইন বেটিংয়ের আয়োজন করছিল একটি চক্র। দেশে ও দেশের বাইরে অবস্থানকারী এই সঙ্ঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিতভাবে এসব জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার করা হতো। পরে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই চক্রের তিন সদস্য মো: আলা উদ্দিন (৪২), শাহাদাৎ হোসেন (৩২) ও মো: সাহাব উদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গতকাল শনিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেকবই উদ্ধার করা হয়েছে।

জসীম উদ্দিন খান বলেন, সিআইডি জানতে পারে আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট অবৈধভাবে তারা পরিচালনার করে আসছে। এসব সাইটে জুয়াড়িরা মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ), ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে টাকা লেনদেন করছিল। এ ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করে।

তদন্তের তথ্য জানিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) বলেন, জুয়ার সাইটগুলোতে অংশগ্রহণের জন্য ব্যবহারকারীদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ জমা দিতে হতো। জমাকৃত অর্থের বিপরীতে ব্যবহারকারীদের বেটিং অ্যাকাউন্টে ই-মানি বা বট মানি যুক্ত করা হতো, যা পরবর্তী সময়ে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত হতো। চক্রটি নিয়মিতভাবে বিভিন্ন এমএফএস এজেন্ট নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহার ও পরিবর্তন করত। পরে টেলিগ্রামসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে সেগুলো জুয়ার সাইট পরিচালনাকারীদের কাছে পাঠানো হতো।

এ দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরনো মামলায় একজন, গ্রেফতারি পরোয়ানা মূলে একজন, মোবাইল কোর্টে চারজন ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজন অপরাধী বলেও জানান এই কর্মকর্তা।