গাজীপুরে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন তৈরিতে অনার

প্রতিদিন দেড় হাজার ইউনিট উৎপাদন সক্ষমতা

Printed Edition

বিশেষ সংবাদদাতা, গাজীপুর থেকে ফিরে

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করল শীর্ষস্থানীয় ব্র্যান্ড অনার। চীনের পাঁচটি অঞ্চল ও ইন্দোনেশিয়ার পর বাংলাদেশে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অবস্থিত হাইটেক পার্কে এই কারখানাটি স্থাপন করা হয়েছে। এখানে সংযোজিত ডিভাইসগুলো শিগগিরই ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল নিয়ে দেশের বাজারে আসবে বলে প্রতিষ্ঠানটির শীর্ষ ব্যক্তিরা জানান। প্রারম্ভিক পর্যায়ে কারখানাটি একটি প্রোডাকশন লাইন দিয়ে প্রতিদিন দেড় হাজার ইউনিট উৎপাদন সক্ষমতা নিয়ে পরিচালিত হবে। চাহিদা মেটাতে উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে বলে জানান স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

গত মঙ্গলবার কারখানাটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব। উপস্থিত ছিলেনÑ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসির পরিচালক মো: নূরন্নবী, এসইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো: মামুনুর রশীদ ভূঁইয়া এবং স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে ছিলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট জর্জ ঝেং এবং গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ডেরিক ডেং অনারের পক্ষে প্রতিনিধিত্ব করেন। এ ছাড়া ছিলেন বাংলাদেশে অনারের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন ও ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে মঙ্গলবার ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ বর্তমানে ডিজিটাল রূপান্তর যাত্রার এক গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। এখন আমাদের নিজেদের দক্ষতার যে ঘাটতি রয়েছে, তা কমাতে হবে। ডিভাইসের সহজলভ্যতা আরো বাড়াতে হবে। পাশাপাশি তরুণদের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান তৈরির দিকেও নজর দিতে হবে। এই উদ্বোধনের মাধ্যমে স্মার্ট ও অনার বাংলাদেশে অর্থবহ কর্মসংস্থান তৈরির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নের দিকে সত্যিকার অর্থেই একটি বড় পদক্ষেপ নিলো।

অনুষ্ঠানে অনার সংশ্লিষ্টরা জানান, নিজেদের স্মার্ট ডিভাইসগুলোতে উন্নত এআই প্রযুক্তি সংযোজনের জন্য বাজারে পরিচিতি রয়েছে অনারের। বাংলাদেশে উৎপাদনের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করেছে ব্র্যান্ডটি। কারখানায় যন্ত্রাংশ সংযোজনের গুরুত্বপূর্ণ ধাপগুলোতে এআই প্রযুক্তিচালিত অটোমেশন ব্যবহার করা হয়েছে। যা সামগ্রিকভাবে নির্ভুলভাবে ও কার্যকরী উৎপাদনশীলতা নিশ্চিত করবে। বর্তমানে, ব্র্যান্ডটির দেশের বাজারে প্রায় ৩ শতাংশ বাজার হিস্যা রয়েছে, যা আগামী বছর ১০ শতাংশে পৌঁছাবে বলে প্রত্যাশা করছে অনার।