আলজাজিরা
লেবাননে ইসরাইলি বাহিনী নতুন করে বিমান হামলার ঢেউ সৃষ্টি করেছে। এর আগের হামলায় ১০ জন নিহত হওয়ার পর গতকাল শনিবার ইসরাইলি বাহিনী সিরিয়া সীমান্তবর্তী একটি এলাকা এবং দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামে এই হামলা চালায়।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মধ্যরাতের ঠিক আগ মুহূর্তে ব্রিতালের উপকণ্ঠে পাহাড়ি নাবি স্রিজ এলাকায় ইসরাইল পাঁচটি বিমান হামলা চালিয়েছে। গত ১৭ এপ্রিলের পর থেকে এই এলাকায় কোনো হামলা হয়নি। সংস্থাটি আরো জানিয়েছে যে, দক্ষিণ লেবাননের নবাতিয়াহর ইয়োহমোর আল-শাকিফ এবং মারজায়ুন জেলার তায়বেহ শহরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের তেবনিয়ান হাসপাতালের কাছে একটি ইসরাইলি হামলায় ভবনটির তিনটি তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে জরুরি বিভাগ, নিবিড় পরিচর্যা কেন্দ্র, সার্জারি ওয়ার্ড এবং বাইরে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সগুলোও রয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনী শুক্রবার রাত থেকে তাদের আরবি ভাষার মুখপাত্র অ্যাভিচাই আদ্রায়ির মাধ্যমে দক্ষিণ লেবাননের বুর্জ রাহাল গ্রাম এবং টায়ার ও জকুক আল-মুফদি এলাকার বাসিন্দাদের জোরপূর্বক বাড়িঘর ছাড়ার দু’টি সতর্কবার্তা জারি করেছে। দক্ষিণ লেবাননের টায়ার এলাকা থেকে আলজাজিরার সংবাদদাতা ওবাইদা হিত্তো প্রতিবেদন পাঠিয়েছেন। তিনি ইসরাইলের নির্ধারিত ৫০০ মিটার বা ৫৫০ গজ বিপজ্জনক সীমানার একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে জানান, এখানে অ্যাম্বুলেন্স রয়েছে। উদ্ধারকারী দল এবং এই সন্ধ্যায় জোরপূর্বক উচ্ছেদের আদেশের পর ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা মানুষজনও এখানে অবস্থান করছেন। তিনি বলেন, অনেকেই প্রচণ্ড ভয় ও আতঙ্কের মধ্যে এলাকা ছেড়েছেন। তারা এই আদেশগুলোকে সরাসরি হুমকি হিসেবে দেখছেন এবং কখন বাড়ি ফিরতে পারবেন সে বিষয়ে নিশ্চিত নন।



